নওগাঁর নিয়ামতপুর উপজেলার গলাইকুড়া গ্রামে রাবেয়া বেগম (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে সতিনের ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) বেলা ১টার দিকে ওই গ্রামের গবরার মোড়ে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম শাহিন (২০)। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের ইসরাইলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইলের আগের স্ত্রীর ছেলে শাহিন বাবা এবং সৎ মায়ের সঙ্গে এক বাড়িতে বসবাস করছিল। শুক্রবার ইসরাইল জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গেলে ছেলে শাহিন মোটরের সুইচ দেওয়াকে কেন্দ্র করে সৎ মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে শাহিন দা দিয়ে সৎ মা রাবেয়া বেগমের মাথায় একাধিক আঘাত করে। এতে রাবেয়া বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তখন শাহিন মাকে জবাই করে। পরে স্থানীয়রা জানতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত শাহিনকে আটক করে।
নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান বলেন, আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি এবং দেখি লাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির বলেন, শাহিন নিহত রাবেয়া বেগমের সতিনের ছেলে। কী কারণে মাকে হত্যা করলো তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করলে জানা যাবে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।
