নিহত শ্রমিকদের জন্য ১ লাখ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০০

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের জন্য এক লাখ টাকা করে সহায়তা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আর আহত শ্রমিকদের চিকিত্সার জন্য দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা করে। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি এই ঘটনায় আহত শ্রমিকদের যথযথ চিকিত্সা দেওয়া ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা এবং তাদের পাশে থাকার জন্য কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। শ্রম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত থেকেই ডিআইএফই’র কর্মকর্তাদের একটি দল আহত শ্রমিকদের চিকিত্সায় সহযোগিতার জন্য ঢাকা মেডিক্যালে নিয়োজিত রয়েছেন।

ওই অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অনেকেই সেখানে অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক বলে জানা গেছে।