এক সার্জেন্টের বেঁচে যাওয়ার কাহিনী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০১

চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে সবাই লাশের সন্ধানে ব্যস্ত। পুলিশের সার্জেন্ট তৈয়েবুর রহমান তপু ধ্বংসস্তূপে তখন খুঁজছিলেন একটি মোটরসাইকেল। শেষ পর্যন্ত মোটরসাইকেলটি খুঁজে পেলেন তৈয়েবুর। বললেন, ‘ভাগ্যগুণে আমি বেঁচে গেছি। ভয়াবহ এই আগুনের মধ্যে আমিও পড়েছিলাম। আমিও এখানে ওদের মতো মরে যেতে পারতাম।’ সার্জেন্ট তৈয়েবুরের সামনেই বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টার গলির ওয়াহেদ ম্যানশনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে।

অন্যদিনের মতো সার্জেন্ট তৈয়েবুর গতকাল রাতে সোয়ারীঘাটে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে চকবাজারের চুড়িহাট্টার গলি হয়ে বাসায় ফিরছিলেন। চুড়িহাট্টা মসজিদের সামনে আসার পর তিনি দেখেন, গলিতে ভয়াবহ যানজট। গলিতে ঠাসা মোটরসাইকেল, রিকশা, ভ্যান, প্রাইভেট কার ও ঠেলাগাড়ি। রাত সাড়ে ১০টার পর হঠাত্ বিকট আওয়াজ শুনতে পান তৈয়েবুর।

তৈয়েবুর বলছিলেন, ‘বিস্ফোরণের পর আমি যেখানে মোটরসাইকেল থেকে পড়ে যাই সেই জায়গাটা হাজী ওয়াহেদ ম্যানসন থেকে ২০-২২ ফুট দূরে। আমি বাইক থেকে পড়ে গিয়ে যদি বাইক উঠাতে যেতাম, তাহলেই পুড়ে মরতাম।’ নিজের বাইকটি দেখিয়ে তৈয়েবুর বললেন, ‘মোটরসাইকেলটি পুড়ে কয়লা হয়ে গেছে। আমারও একই অবস্থা হওয়ার কথা ছিল। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’