রাজধানীর চকবাজারে কেমিক্যাল গোডাউনে আগুনে দগ্ধ হয়ে একই জায়গায় চার বন্ধুর মৃত্যু হয়েছে। একই জায়গা থেকে তাদের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। চকবাজারে ব্যবসা করতেন চার বন্ধু মঞ্জুর, হীরা, আনোয়ার ও নাসির। এর মধ্যে চকবাজারে ওষুধের ব্যবসা ছিল মঞ্জুর। পাশেই ইমিটেশন গহনার ব্যবসা করতেন বন্ধু হীরা আর ব্যাগের ব্যবসা ছিল আনোয়ারের। অন্যদিকে, নাসিরের ছিল প্লাস্টিক সামগ্রীর ব্যবসা।
প্রতিদিন কাজ শেষে হায়দার মেডিকোতে এসে বসতেন তারা। একসঙ্গে কিছু সময় গল্প-গুজব করে নিজ নিজ রুমে ফিরে যেতেন। কিন্তু বুধবার রাতে আর নিজ ঘরে ফেরা হলো না তাদের। ভয়াবহ আগুন পুড়ে তাদের মৃত্যু হয়েছে। গোটা শরীর পুড়ে যাওয়ার পর ঘটনাস্থলে চারজনের মাথার খুলি পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মঞ্জুর ভাই লিটন জানান, তার ভাইয়ের ফার্মেসির সামনেই একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণ থেকে বাঁচতে মঞ্জু ও তার তিন বন্ধু দোকানের ভেতর ঢুকে শাটার লাগিয়ে দেয়। এরপর যখন আগুনের ভয়াবহতা বেড়ে যায় তখন আর তারা সেখান থেকে বের হতে পারেনি।
লিটন আরো জানান, বিকালেই ভাইয়ের সঙ্গে শেষ দেখা হয়। প্রতিরাতে চার বন্ধু মিলে ফার্মেসিতে আড্ডা দিত। বুধবারও তারা আড্ডায় মিলিত হয়। আগুন লাগার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৩টার পর আগুন নিয়ন্ত্রণে এলে খুলিগুলো পড়ে থাকতে দেখা যায়।
