বাংলাদেশের বোলিং আমাদের জন্য শিক্ষণীয়: লাথাম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬:৫৯

নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশি পেসাররা। এটা এক সপ্তাহ আগেও কেউ বিশ্বাস করতো না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। মাউন্ট মঙ্গানুইয়ে পেসারদের নৈপূণ্যেই জয় পেয়েছে বাংলাদেশ। তাইতো ক্রাইস্টচার্চ টেস্টের আগে কিউই অধিনায়ক টম লাথামের কন্ঠে ঝড়লো বাংলাদেশি পেসারদের প্রশংসা। একই সঙ্গে বলেছেন, বাংলাদেশের বোলিং তাদের বোলারদের জন্য শিক্ষণীয়।

টম লাথাম বলেন, ‘বাংলাদেশ পারফেক্ট টেস্ট খেলছে। বোলিংয়ে তারা দুই পাশ দিয়েই দারুণ বল করে আমাদের ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করেছে। তারা আমাদেরকে জুটি গড়তে দেয়নি, এটা আমাদের বোলারদের জন্য শিক্ষণীয় একটা ব্যাপার।’

বাংলাদেশের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তিনি বলেন, ‘তারা উইকেটের সঙ্গে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছে। বড় জুটিও গড়েছে। যেটা আমরা করতে পারিনি। এমন উইকেটে প্রথম ইনিংসের স্কোর খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এটা করতে পেরেছে। কিন্তু আমরা পারিনি।’

তবে ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক বোলাররা উইকেটের সুবিধা আদায় করে নিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করে টম লাথাম বলেন, ‘আমরা জানি তারা (বাংলাদেশ) আত্মবিশ্বাসী হয়ে এখানে খেলতে নামবে। তবে ক্রাইস্টচার্চের উইকেট মাউন্ট মঙ্গানুই থেকে আলাদা। আমরা শেষ কয়েক বছর এখানে দারুণ খেলেছি। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’

ইত্তেফাক/টিএ