প্রথম পর্যায়ে চিকিৎসায় জরায়ু মুখের ক্যানসার নিরাময় যোগ্য

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৯:৫২

জানুয়ারি মাসকে সচেতনতা মাস হিসেবে পালনের পাশাপাশি ২০১৮ সাল থেকে জানুয়ারির দ্বিতীয় শনিবার বাংলাদেশে বেসরকারিভাবে জরায়ু মুখের ক্যানসার সচেতনতা দিবস পালন করে আসছে মার্চ ফর মাদার (জননীর জন্য পদযাত্রা) নামের প্ল্যাটফরম। এই উপলক্ষ্যে গতকাল শনিবার (৮ জানুয়ারি) পঞ্চম বারের মতো এই দিবস উদ্যাপন করা হয়। 

উদ্যাপনের অংশ হিসেবে ১৭টি সংগঠনের সমন্বয়ে গোলটেবিল আলোচনা, পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বৈশ্বিক কৌশল: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মূল বক্তব্য রাখেন মার্চ ফর মাদার মোর্চার প্রধান সমন্বয়কারী ক্যানসার বিশেষজ্ঞ ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। সভাপতিত্ব করেন বিশিষ্ট গাইনি অনকোলজিস্ট ও কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন। প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার, ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যাপক সারিয়া তাসনিম, ঢাকা মেডিক্যাল কলেজের গাইনি অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম সাহিদা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের গাইনি অনকোলজি বিভাগের অধ্যাপক ফৌজিয়া হোসেন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের গাইনি অনকোলজি বিভাগের অধ্যাপক রোকেয়া আনোয়ার, রেডিয়েশন অনকোলজি বিভাগের অধ্যাপক রাকিব উদ্দিন, অনকোলজিস্ট প্রফেসর মো. খোরশেদ আলম, নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন হক, বাংলাদেশ ওয়াইডব্লিউসি-এর জাতীয় সেক্রেটারি জেনারেল হেলেন মনিষা সরকার, কমিউনিটি অনকোলজি সেন্টারের সেক্রেটারি এবং সিইও মোসাররাত জাহান সৌরভ, হারমনি ট্রাস্টের হেলথ কেয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈয়দা শাহিদা সুলতানা।

আলোচনায় বলা হয়, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধযোগ্য এবং প্রথম অবস্হায় নির্ণয় হলে ও সঠিকভাবে চিকিত্সা পেলে নিরাময়যোগ্য। এখনো বিশ্বব্যাপী নারীদের মধ্যে চতুর্থ স্হানে এর অবস্হান। ২০১৮ সালে এই ধরনের ক্যানসারে মৃতু্য হয়েছে তিন লাখের বেশি নারী। শতকরা ৯০ ভাগ মৃতু্য হয়েছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। এতে প্রতিফলিত হয় বৈশ্বিক অসাম্যের চিত্র। জরায়ুমুখের ক্যানসারের এই বিপুল বোঝার কারণ স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকার, স্ক্রিনিং ও চিকিত্সা সুবিধা গড়ে না ওঠা। আলোচনা শেষে জননীর জন্য পদযাত্রা ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয় প্রেসক্লাব থেকে বিজয়নগর, কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা পর্যন্ত। 

ইত্তেফাক/ ইআ