বন্ধ হচ্ছে ‘নরকের দরজা’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১:৫৮

‘নরকের দরজা’ নামে পরিচিত তুর্কমেনিস্তানে কারাকুম মরুভূমি গর্তের আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে।

১৯৭১ সাল থেকেই কারাকুম মরুভূমির একটি গর্তে আগুন জ্বলছে। যা নেভাতেকয়েকবার চেষ্টাও করা হয়েছিল দেশটির সরকারের পক্ষ থেকে। কিন্তু নেভানো সম্ভব হয়নি। এবার আবারও গর্তের আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট।

তুর্কমেনিস্তানের পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে গর্তের আগুন বন্ধ করতে চান প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি। একইসঙ্গে সেখান থেকে গ্যাস রপ্তানির পরিকল্পনা করছেন তিনি।

নানা রহস্য ছড়িয়ে আছে কারাকুম মরুভূমির দারভাজা গর্তের সৃষ্টি নিয়ে। অনেকে দাবি করেন, ১৯৭১ সালে সোভিয়েত খননের সময় এটি সৃষ্টি হয়েছে। ২০১৩ সালে কানাডার অনুসন্ধানকারী জর্জ কৌরোনিস গর্তের গভীরতা পরীক্ষা করার চেষ্টা করেছেন। তিনি আবিষ্কার করেন যে, প্রকৃতপক্ষে কেউ জানে না কিভাবে এই গর্ত সৃষ্টি হয়েছে।

স্থানীয় ভূতত্ত্ববিদদের মতে, ১৯৬০ এর দশকে কারাকুম মরুভূমিতে বড় আকারের গর্তটি তৈরি হয়। আর আশির দশকে আগুন জ্বলতে শুরু করে।

তুর্কমেনিস্তানে পর্যটকের অন্যতম জনপ্রিয় স্থান গর্তটি। গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ বলেন, আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি। যা দিয়ে আমার অনেক মুনাফা অর্জন করতাম এবং সেগুলো আমাদের জনগণের কল্যাণে ব্যয় করা যেত।

ইত্তেফাক/টিআর