মেহেরপুরে ইটভাটা মালিক হত্যায় ৬ জনের যাবজ্জীবন 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৬:১৪

মেহেরপুরের গাংনী পৌরসভার ইটভাটা মালিক রেজাউল হক খোকন হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। মামলার বাকি ৬ আসামিকে খালাস দেন আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- গাংনী থানা পাড়ার আব্দুল মজিদের ছেলে রফিকুল ইসলাম, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসনাবাদ সেন্টার পাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে মাহামুদ হাসান ওরফে রিপন ওরফে রবিনহুড , গাংনী উপজেলার হিজলবাড়িয়া মাইলমারি গ্রামের নয়ন উদ্দিনের ছেলে আব্দুল জব্বার, হিজলবাড়িয়া গ্রামের বারিকের ছেলে বিল্লাল হোসেন, গাংনী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন পাড়ার আজগর কসাইয়ের ছেলে আব্দুল কাদের, পূর্ব মালসাদহ গ্রামের অহিল উদ্দিনের ছেলে হোসেন আলী ওরফে পিচ্চি হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় গাংনী উপজেলার গাংনী ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল হক খোকন তার নতুন ইটভাটার কাজ শুরু করার জন্য মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। তার  বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে তৎকালীন কমিশনার আলী আজগরের ইটভাটা থেকে ৩০০ গজ দূরে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এ ঘটনায় রেজাউল হক খোকনের স্ত্রী হাসিনা বানু ১২ জনের নামে গাংনী থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় গ্রেফতার ১২ আসামির মধ্যে ৪ আসামি আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনীর র্যাব-৬ এর এসআই বাবুল তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। 

ইত্তেফাক/ইউবি