অবশেষে খুলে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।
রবিবার (৯ জানুয়ারি) সকালে এটি খুলে দেওয়া হয়। টিএসসিসির উপ-রেজিস্ট্রার সুদেব কুমার দেবু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে করোনাকালীন সময়ে ১৮ মাস এবং পরবর্তীতে ক্যাম্পাস খোলার পরে আরও প্রায় ৩ মাস, সবমিলিয়ে দীর্ঘ ২১ মাস বন্ধ ছিল ক্যাফেটেরিয়ার কার্যক্রম। এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। এ নিয়ে গত ২৭ ডিসেম্বর "দুই মাস আগে ক্যাম্পাস খুললেও এখনো বন্ধ ক্যাফেটেরিয়া" শিরোনামে ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।
ক্যাফেটেরিয়ার ডাইনিং ম্যানেজার আরিফুল ইসলাম কলম জানান, পূর্বের নিয়মে সকাল ও দুপুরের নাস্তা সরবরাহ করা হবে। সকালের নাস্তা হিসেবে থাকবে খিচুড়ি, পরটা, ডিম ভাজি, ভর্তা। দুপুরের খাবারে থাকবে মাছ, মুরগির মাংস, ডিম এবং গরুর মাংস। খাবারের দামের বিষয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য আগের থেকে বৃদ্ধি পাওয়ায় খাবারের মূল্য সামান্য বাড়ানো হতে পারে। কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
টিএসসিসির উপ-রেজিস্ট্রার সুদেব কুমার দেবু বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ক্যাফেটেরিয়া বন্ধ ছিলো। ক্যাম্পাস খুললেও ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের জন্য ক্যাফেটেরিয়া খোলা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্যাফেটেরিয়া খুলে দেওয়া হয়েছে। খাবারের মান, দাম ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা সচেষ্ট রয়েছি। এ সকল বিষয়গুলো নিয়মিত তদারকি করা হবে।

