নির্বাচনে কার সমর্থক ছিলেন, জানালেন ঢাবি শিক্ষিকা মোনামি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৮

অল্প সময়েই আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। কখনো ডাকসুর প্রোগ্রামে, আবার কখনো জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে দেখা গেছে তাকে। ফলে অনেকেই তাকে জামায়াতে ইসলামীর সমর্থক মনে করে। তবে নেটিজেনদের এ ধারণা ভুল প্রমাণ করেছেন তিনি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক দাবি করেছেন ঢাবি শিক্ষক মোনামি। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলাম। আমাকে অনেকেই জামায়াতি, শিবির ম্যাডাম বলে চেনে আর এতে আমি স্বাচ্ছন্দ। কখনও কখনও আমি গর্বের সঙ্গেই এই নামগুলো নিজের করে নিই।’

শেহরিন আমিন বলেন, যদিও আমি নিজেকে মধ্যপন্থী মনে করি, সামাজিক মাধ্যমের নানা আলোচনায় আমাকে ডানপন্থি বলা হয়। যদি এতে আপনাদের সুবিধা হয়, তাহলে সেটাই বিশ্বাস করতে পারেন।

তিনি বলেন, এবার মূল কথায় আসি আপনারা যদি আমার রাজনৈতিক অবস্থান নিয়ে অস্বস্তিতে থাকেন, তাহলে দয়া করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। আমি ইসলামবিদ্বেষী নই এবং ইসলাম নারী-বিরোধী এ ধারণায় আমি বিশ্বাস করি না। বরং আমি এমন একজন উদারপন্থি, যিনি ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ-অপছন্দ-নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলেন। সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিক বলেন, ‘আমি হয়তো আপনাদের পছন্দের মানুষ না-ও হতে পারি, তাই অনুগ্রহ করে আমাকে দূরত্বে রাখুন।

ইত্তেফাক/এমএএম