ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেননি, তৈমুরকে নানক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২১:২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‌‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে। যে আশায় রয়েছেন, সে আশায় গুঁড়েবালি।’

রবিবার (৯ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নানক বলেন, ‘আমি বিশ্বাস করি গত নির্বাচনে আইভীকে ৮৪ হাজার ভোট ব্যবধানে নির্বাচিত করেছিলেন নেতাকর্মীরা। আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে নৌকা জয়লাভ করবে।’

তৈমুর আলমের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বলেছেন, আপনি আওয়ামী লীগও না, বিএনপিও না, তাহলে আপনি কে? আপনি এখন হাতিতে পরিণত হয়েছেন। আপনাকে বিএনপি তালাক দিয়েছে। আপনি এখন বলেন, শেখ হাসিনা যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন তাহলে আপনাকে ভোট দিতেন। আপনাকে তো আপনার বিএনপিই ভোট দেবে না। বিএনপির লোকেরা আপনাকে ত্যাগ করেছে।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগ পরিবার আজ ঐক্যবদ্ধ। আগামী ১৬ জানুয়ারি আপনাদের অগ্নিপরীক্ষা। আমি কিছু নেতাদের বলতে চাই, আওয়ামী লীগ করবেন আর শেখ হাসিনার নির্দেশ মানবেন না, সেটা করতে পারবেন না।’

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সংসদ সদস্য সানজিদা খানম, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।

ইত্তেফাক/এমএএম