অবশেষে বাংলাদেশ শিবিরে স্বস্তির বাতাস। নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে। রানআউট হয়ে ফিরে গেছেন ডেভন কনওয়ে। অবশ্য তার আগে নিজের পাঁচ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয় শতক তুলে নিয়েছেন এই ব্যাটার। একই সঙ্গে অধিনায়ক টম লাথামের সঙ্গে মিলে গড়েছেন রেকর্ড জুটি।
সোমবার (১০ জানুয়ারি) ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন সকালে কিউরা ব্যাট করতে নামার সময় তাদের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান। প্রথম দিন শেষে একাই ১৮৬ রান করে অপরাজিত আছেন স্বাগতিক অধিনায়ক টম লাথাম। অপর অপরাজিত ব্যাটার ডেভন কনওয়ে ৯৯ রান করেছিলেন। আর তাদের দুজনের জুটি ছিল ২০১ রানের। সোমবার সেখান থেকে দলীয় খাতায় আর মাত্র ১৪ রান যোগ করতেই এই রেকর্ড জুটি ভাঙলো।
কাভার থেকে সিঙ্গেল নিতে গিয়ে রানআউটের শিকার হয়েছেন কনওয়ে। স্ট্রাইক প্রান্তে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রো স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে। ১৬৬ বল মোকাবিলায় ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কনওয়ে।
লাথামের সঙ্গে তার এই জুটি বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল কনওয়ে ও উইল ইয়াংয়ের। যা আগের ম্যাচেই অর্থাৎ মাউন্ট মঙ্গানুই টেস্টে হয়েছিল। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে কোনো দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এ তালিকায় সর্বোচ্চটা ২৩১ রানের। ১৯৬৯ সালে ক্রাইস্টচার্চে এ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জোয়ি ক্যারু ও সেমর নার্স।
