চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাকের দুই হেলপার নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন (২০) ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক (১৫)।
ট্রাকচালক মেহেদী হাসান, সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে শিমুলতলী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে লক্ষীপুরগামী একটি বিআরসিটি বাস ওভারটেক করতে গিয়ে পেছন থেকে আমাদের ট্রাকটিকে প্রচণ্ডভাবে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাকটি রাস্তার পাশে ডোবায় পড়ে গিয়ে সজীব ও আতিক নিহত হন।
চালক আরও জানান, আমি ও ট্রাকের মালিক ফুল মিয়া গুরুতর আহত হই। স্থানীয় লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, কচুয়া-গৌরিপুর-সাচার সড়কটিতে স্থানে স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় এটি এখন যানবাহন চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বিআরটিসি বাস চলাচলের জন্য অযোগ্য।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ স্বজনরা নিয়ে গেছেন ও আহতদের চিকিৎসা চলছে। বিআরটিসি বাসটি দ্রুত স্থান ত্যাগ করায় বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। নিহত ও আহতদের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে মামলা গ্রহণ করা হবে।
