সিনহা হত্যা: ১৩ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২৩:৩০

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় আসামিদের দেওয়া বক্তব্যের ওপর টানা চার দিনের যুক্তিতর্কের দ্বিতীয় দিনে ৭ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। ১৫ আসামির মধ্যে ১৩ আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। 

সোমবার (১০ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ ইসমাঈলের আদালতে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ যুক্তিতর্ক চলে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকবে। 

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, সাক্ষীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে সন্দেহের ঊর্ধ্বে থেকে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়ে আদালতের কাছে আইন অনুযায়ী ন্যায়বিচার প্রার্থনা করেছি। আসামিপক্ষের বক্তব্যের আলোকে আগামীকাল থেকে বাদীপক্ষের বক্তব্য গ্রহণ করা হবে।

এজলাস থেকে বেরিয়ে আসামিপক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত জানান, ইতোমধ্যে ১৩ জন আসামির পক্ষে তাদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। পরিদর্শক লিয়াকত ও ওসি প্রদীপ কুমার দাসের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হওয়ার পর এই যুক্তিতর্ক নিয়ে রাষ্ট্রপক্ষ ইচ্ছে করলে কিছু বলার পরই এই মামলা রায়ের দিকে চলে যাবে। 

গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ইত্তেফাক/কেকে