১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:২৩

আগামী ১৫ জানুয়ারি (শনিবার) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলভবনে রেলপথমন্ত্রী নূরুল ইসলামের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে অর্ধেক যাত্রী নিয়ে চললেও এবার ট্রেনের সংখ্যা কমবে না এবং অর্ধেক আসন ফাঁকা গেলেও ভাড়া বাড়ানো হবে না। 

মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না উল্লেখ করে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে বলেন, ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। ট্রেনে খাবার পরিবেশন, রাতের ঘুমানোর বিছানা দেওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেনের ধারণক্ষমতার অর্ধেক আসনের টিকিট অনলাইন ও কাউন্টার—দুই জায়গায় সমানভাবে বিক্রি করা হবে। অর্থাৎ
৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। আর বাকি ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে অনলাইনে (অ্যাপ/অনলাইন)। 

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এটাসহ মোট ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএএম