করোনায় শনাক্ত বেড়ে ২ হাজার ৪৫৮

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৯:৩৬

দেশে এক দিনে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। দৈনিক শনাক্তের হার পৌঁছেছে ৯ শতাংশের কাছাকাছি। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৪৫৮ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে।

এক দিনের ব্যবধানে দেশে করোনা রোগী শনাক্ত বেড়েছে ২২৭ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৩১ জন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি: আব্দুল গনি

এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৭ জনের। 

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম