মানুষের প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০২:০৭

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে দুঃখে সব সময়ে দেশ এবং দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো দুর্যোগে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিক্যাল টিম বিনামূল্যে মানুষের স্বাস্থ্যসেবা ও গবাদিপশুর চিকিত্সা প্রদান করছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। গতকাল ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনকালে ৫০০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সেনাবাহিনী, দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র অসহায় রোগীদের চিকিত্সাসেবা প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ, চোখের ছানি এবং অন্যান্য অপারেশনসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার সাগরদীঘি এলাকার বড় চাওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে সেনাবাহিনী কর্তৃক ৫০০ জন অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

সেনাবাহিনী প্রধানের পরিদর্শনকালে, জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ভাইস চ্যান্সেলর (ভিসি), বিইউপি মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক, সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, এসডিএস (আর্মি), ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস (এসআইএন্ডটি) মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম দুস্থ ও অসহায় মানুষের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে।—