নাটোরে ট্রাক-বাস-পিকআপ ত্রিমুখী সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আখতার হামিদ খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে ছেড়ে আসা একটি কাঠ ভর্তি ট্রাক ও একটি পিকআপ এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক আবু মুসার নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
