মুগ্ধতার আরেক নাম লিটন দাস

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০:৪৩

কাইল জেমিসনের করা ইনিংসের ৫৯তম ওভার। লেগ সাইডে ৫ ফিল্ডার। ওভারের দ্বিতীয় বলে যেন গুলির বেগে পুল করলেন লিটন দাস। পাঁচ ফিল্ডারকে দর্শক বানিয়ে স্কয়ার লেগ দিয়ে বল সীমানা পাড়ি দিলো। পরের বলেই আপার কাটে ছক্কা। ওভারের শেষ বলটাতে পুল শটে চার। ১৭ রানের ওভারেই লিটন হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেলেন।

ডানহাতি এ ব্যাটারের স্ট্রোকের মুগ্ধতা এখানেই শেষ নয়। ৬১তম ওভারটা করতে আসেন ট্রেন্ট বোল্ট। প্রথম ইনিংসে যিনি একাই ধস নামিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইনে। ওভারের প্রথম বলেই ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। পরের বলে মিড অফ দিয়ে মারা চারে ধারাভাষ্যকাররা বললেন, ‘ক্ল্যাসি’। তৃতীয় বলের কাভার ড্রাইভে তাদের মুখ থেকে বের হওয়া শব্দ ছিল, ‘ওয়াও’। পঞ্চম বলে চোখ ধাঁধানো অন ড্রাইভে চার। বোল্টকে চারটি চার মেরে ওভার শেষ করেন। গতকাল (১১ জানুয়ারি) লিটনের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে রীতিমতো বিমুগ্ধ হ্যাগলি ওভালের দর্শককুল। প্রথম ৫০ রান করেছিলেন ৬৯ বলে, পরের ৫০ রান তুলেছেন ৩৭ বলে।

টেস্টে ক্যারিয়ার সেরা ফর্মে লিটন দাস

নুরুল হাসানের সঙ্গে ১০১ রানের জুটি ভাঙলেও চোখের নিমিষেই যেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করলেন লিটন। বিদেশের মাটিতে এটিই তার প্রথম সেঞ্চুরি। ১১৪ বলে তার ১০২ রানের ইনিংসেই বাংলাদেশ হারের ব্যবধান কমিয়েছে। ১৮৯ মিনিট স্থায়ী ইনিংসে ছিল ১৪টি চার ও ১টি ছয়। শুধু ধারাভাষ্যকার, প্রতিপক্ষ, সতীর্থ, মাঠের দর্শকরাই নন, লিটনের নান্দনিক ব্যাটিংয়ে বিমোহিত হার্শা ভোগলেও। ভারতীয় এই ধারাভাষ্যকার টুইটারে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশি এ ব্যাটারকে। তিনি খুশি, লিটনকে নিয়ে তার আশাবাদ বাস্তবের পথে হাঁটছে বলে।

গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হকও বললেন, লিটন বিশ্বমানের ব্যাটার। তিনি বলেন, ‘লিটন টেকনিক্যালি অনেক সাউন্ড। লিটনের ব্যাটিং দেখলে তো মনে হয়, ও অনেক বেশি সময় পায়। বিশ্বমানের খেলোয়াড়দের মতো।’ ড্রেসিংরুমে বসে লিটনের সেঞ্চুরি উপভোগ করেছেন মুমিনুলরাও। টানা দুই সিরিজে দুটি সেঞ্চুরি পেলেন লিটন। দারুণ ফর্মে আছেন তিনি। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘ব্যাটিং দেখতে খুব ভালো লাগছিল। আমরা সবাই খুব খুশি হয়েছি। এই বছরে টানা দুই সিরিজে দুটি সেঞ্চুরি করেছে সে, দলের সবাই খুশি। আমিও খুব উপভোগ করেছি ওর ব্যাটিং।’

ইত্তেফাক/টিএ