লকডাউনের মত কঠোর বিধিনিষেধ না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। বুধবার (১২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
কারণ লকডাউনের কারণে ব্যবসার ক্ষতি হচ্ছে উল্লেখ মো. জসিম উদ্দিন বলেন, পৃথিবীতে এখন কোনো দেশ লকডাউন দিচ্ছে না। গত বছর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে আমাদের রপ্তানি বাড়ছে। করোনাভাইরাস মহামারির মধ্যেও আমরা জিডিপির ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। অথচ প্রতিবেশী দেশ ভারতসহ দেশে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
তবে স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকার যে টিকা ছাড়া হোটেল রেস্টুরেন্টে যাওয়া কিংবা সমাবেশ বন্ধের নির্দেশনা দিয়েছে, এটাকে আমি সমর্থন করি। আমাদের জোর দিতে হবে টিকা এবং স্বাস্থ্য সচেতনতায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বৃহস্পতিবার থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান কিংবা সভা-সমাবেশ বন্ধ রাখতে বলেছে সরকার। ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া যাবে। রেস্তোরাঁয় বসে খেতে, আবাসিক হোটেল থাকতে দেখাতে হবে টিকা সনদ।
