নাটোরের নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় ট্রাক বাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক চালক আবু মুসা ও আসাদুল নামে অপর এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেছে।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে নাটোর রাজশাহী মহাসড়ক এর তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহীর এলাকা থেকে নাটোরের দিকে আসা একটি কাঠ ভর্তি ট্রাক ও একটি পিকআপ এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। তবে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আবু মুসার মৃত্যু হয়। আহত অবস্থা কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
এছাড়া এ দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
