কুবির দুই হলে নতুন প্রাধ্যক্ষ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৩৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। 

বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান নতুন প্রাধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. এমদাদুল হকের মেয়াদ শেষ হয়েছে বিধায় পরবর্তী ২ বছরের জন্য রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিককে উক্ত হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হল। অন্যদিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জুলহাস মিয়ার মেয়াদ শেষ হয়েছে বিধায় পরবর্তী ২ বছরের জন্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান কে উক্ত হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হল।

ইত্তেফাক/এমএএম