রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছেন নাটোরের সিংড়ার হতদরিদ্র রিকশাচালক সাইফুল ইসলাম। মৃত সাইফুল ইসলাম উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নতুনবস্তি পাটকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
শুক্রবার ভোরে তার লাশ আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার রয়েছে দুই মেয়ে, খাদিজা খাতুন (৮) ও সাদিয়া খাতুন (৬) এবং স্ত্রী খালেদা বেগম।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই রতন আলী প্রায় ১০ বছর ধরে ঢাকার কামরাঙ্গির চরের নুরুল হকের রিকশা ভাড়া নিয়ে চকবাজার এলাকায় রিকশা চালাতেন। বুধবার রাতে সাইফুল ইসলাম চকবাজার এলাকায় রিকশা চালাতে গিয়ে ভয়াবহ আগুনে মারা যান।
বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে লাশ শনাক্ত করার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে শুক্রবার সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে তার দাফন হয়।
মৃত সাইফুল ইসলামের চাচাতো ভাই রতন আলী জানান, তারা প্রায় ১০ বছর ধরে চকবাজার এলাকায় রিকশা চালান। বুধবার রাতের ভয়াবহ আগুনে তার ভাই সাইফুল ইসলাম নিখোঁজ হলে বৃহস্পতিবার শাহী মসজিদের সামনে একটি ধ্বংস্তুপে রিকশা দেখে সাইফুলের নিহতের বিষয়ে নিশ্চিত হন। পরে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে লাশের গলায় চান্দির মালা দেখে লাশ শনাক্ত করেন।
নিহত সাইফুলের পিতা আব্দুল কাদের কাতর কণ্ঠে বলেন, ‘ও বেটা! কে দেখবে তোর শিশু দুই মেয়ে ও আমাদের। অভাবের সংসারে উপার্জনের আর কেউ যে রইলো না।’
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে আদালতে অভিযোগ গ্রামবাসীর
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘বিষয়টি আমি গণমাধ্যম কর্মীদের কাছে জেনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে সহযোগিতা করা হবে।’
ইত্তেফাক/নূহু
