সুষ্ঠু রাজনীতির পরিবেশ হলে সুবিধাবাদীরা পালানোর পথ পাবেন না: কাদের মির্জা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:২০

দেশে সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরি হলে এখনকার সুবিধাবাদী রাজনীতিবিদরা পালানোর পথ পাবেন না বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবে তার লেখা আত্মজীবনী ‘সত্য যে কঠিন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

রাজনীতি অপতৎপরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে ভোট নিয়ে যে অপরাজনীতি চলছে, রাজনীতি যে অপতৎপরতা চলছে, এমন দেশ প্রতিষ্ঠার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আনেননি।’

আবদুল কাদের মির্জা বলেন, ভোটের অধিকার হরণ করার জন্য আজকের বাংলাদেশ সৃষ্টি হয়নি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্য সেটা সম্ভব হচ্ছে না। 

বই হাতে কাদের মির্জাসহ অন্যান্যরা। ছবি: ইত্তেফাক

বাংলাদেশে অপরাজনীতির বিরুদ্ধে তার সংগ্রাম চলমান থাকবে বলে উল্লেখ করেন আব্দুল কাদের মির্জা। 

তার লেখা আত্মজীবনী নিয়ে তিনি বলেন, আত্মজীবনী লেখা সত্যি কঠিন ব্যাপার। তথ্য-উপাত্ত নিখুঁতভাবে উপস্থাপন করা কষ্টসাধ্য। সব কথা, সব ব্যথা, সব তথ্য মনে নেই। স্মৃতিতে সব নেই। বয়সের কারণে অনেক কথাই ভুলে গেছি। যেটুকু মনে পড়েছে তা-ই লেখার চেষ্টা করেছি। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এএএম