সংকট এখনও কাটেনি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। তিনি লাইফ সাপোর্টেই রয়েছেন। এ কথা জানালেন তাঁর ডাক্তার প্রতীত সামদানি। তবে তিনি জানান, ধীরে ধীরে কিংবদন্তি গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
গত মঙ্গলবার কিংবদন্তি সংগীতশিল্পীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, শনিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। সেই কারণেই তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে।
করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই লতা মঙ্গেশকরকে নিয়ে শুধু অগণিত ভক্তরা নয়, উদ্বেগে চিকিৎসকরাও। তাই কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাঁকে আইসিইউ ওয়ার্ডেই রাখা হবে বলে এর আগের মেডিক্যাল বুলেটিনে জানিয়ে দেওয়া হয়। আগামী ১০-১২ দিন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, লতা মঙ্গেশকরের চিকিৎসার জন্য ককটেল পদ্ধতি ব্যবহার করার কথা ভেবেছেন চিকিৎসকরা। এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্যও এই থেরাপি ব্যবহার করা হয়েছিল।
ইত্তেফাক/বিএএফ

করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর, আইসিইউ-তে ভর্তি