প্রথম মেধা তালিকার ভর্তি শেষে ইবিতে আসন খালি ১৭৪৫টি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮:৫৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের মেধা তালিকা থেকে এ, বি ও সি ইউনিটের ২ হাজার ৯৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৩৫০ জন শিক্ষার্থী। সে হিসাবে এখনো ১ হাজার ৭৪৫টি আসন খালি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান উল আম্বিয়া এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গত ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চলমান ভর্তি কার্যক্রম শেষে বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে ৫০৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বি ইউনিটে ৮৭৭টি এবং বাণিজ্য অনুষদভুক্ত সি ইউনিটে ৩৬৪টি আসন খালি রয়েছে।

এদিকে, খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। এই তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরবর্তী সময়ে বিভাগগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ ফেব্রুয়ারি ৩য় মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।