একুশের নতুন বই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৪

বিধাতার ইচ্ছে!

খুরশীদা

সত্যান্বেষণ

প্রচ্ছদ পরিকল্পনা : ড. খুরশীদা। মূল্য : ২০০ টাকা

 

ঠাঁই নেই। গন্তব্য নেই!! জীবন ভেসে চলে অপার দুর্যোগে। প্রতিজন ব্যক্তিমানুষ একটি স্বতন্ত্র ভুবন। মানুষ প্রজাতির আবির্ভাবকাল থেকে আজ অবধি অসংখ্য অগণিত মানুষের এক-একটি স্বতন্ত্র ভুবনের বিস্তারে পৃথিবীর এ প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত মানবসমাজের বিন্যাস। মানুষ নিঃসঙ্গ প্রাণী নয়, সামাজিক প্রাণী; অথচ একান্ত স্বতন্ত্র ভুবনে সে নিভৃতচারী, কখনো একেবারে নিঃসঙ্গ, প্রাবৃত।

এই বৈপরীত্যের মধ্যেই শোষণ-পীড়ন, ব্যক্তিগত রোগ-শোক, আনন্দ-বেদনা, লজ্জা-ভয়, সুখ-দুঃখের অভিঘাতে প্রবহমান মানুষের জীবন। কিন্তু এর বাইরেও আরো কিছু আছে। আছে বেদনার নীল-শীতল আরো কিছু  নিবিড় অনুভব, কিছু অব্যক্ত স্পর্শকাতরতা, কিছু বেদিশা শূন্যতা, আর অসহায় আত্মসমর্পণ যা আর সবের অধিক। দুঃখেরও অধিক আরো কিছু। লজ্জার অধিক। যন্ত্রণার অধিক। বঞ্চিত পীড়িত জীবন, কিন্তু প্রতিবাদের সুযোগ নেই, প্রত্যাঘাতের অবকাশ নেই। এবং কখনো প্রশমন হবার নয়, সুতরাং প্রত্যাশাও নেই। প্রত্যাশা নেই, তাই প্রার্থনাও নেই।

শূন্যতা থইথই দুর্বহ একখণ্ড বিদুর বাস্তবতার মধ্যে ভেসে যাওয়া বিশীর্ণ ধূসর কয়েকটি জীবনের কথা ‘নগ্ন নারী ভাস্কর্য’, ‘অস্পৃশ্য’, ‘কে?’, ‘অতলে ডুবসাঁতার’ ও ‘বলির যূপকাষ্ঠে’—এই পাঁচটি গল্পে বলা হয়েছে।