‘শুধু কাজের সংখ্যা বাড়াতে কাজ করতে চাই না:বাঁধন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৮

ছোটপর্দার জনপ্রিয় মুখ আজমেরি হক বাঁধন। মাঝে পুরোদমে কাজ শুরু করলেও ইদানিং ক্যামেরার সামনে তাকে কম দেখা যাচ্ছে। তবে কাজের সাথে নিয়মিত রয়েছেন তিনি। চলতি সময়ে বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে বাঁধনের। তবে এখনই শুরু করছেন না কাজগুলো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব বেশি কাজ করতে হবে সেটিতে আমি বিশ্বাসী নই। আমি এমন কিছু কাজ করতে চাই, যা দর্শকদের মনে থাকবে। শুধু তাই নয়, কাজের মধ্য দিয়ে দর্শকদের ইতিবাচক বার্তা দিতে চাই।’

নিয়মিত কাজের পাশাপাশি একটি ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত রয়েছেন বাঁধন। নতুন কাজগুলো কবে নাগাদ শুরু করবেন তিনি এ প্রসঙ্গে আরো বলেন, ‘কবে নাগাদ শুরু করবো এ প্রসঙ্গে এখনই চূড়ান্ত  কিছু বলতে চাচ্ছি না। কারণ কাজের চূড়ান্ত সংবাদ দেওয়াটাই ভালো। নাটক ছাড়া বর্তমানে বেশকিছু ফটোশ্যুট নিয়েও ব্যস্ত আছি।’

চলচ্চিত্র নিয়েও মাঝে সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর করা হয়নি ছবিটি। চলচ্চিত্র নিয়ে নতুন খবর প্রসঙ্গে বাঁধন আরো বলেন, ‘চলচ্চিত্র করার ইচ্ছে রয়েছে। তবে আমি আগেও বলেছি ভালো একটি টিম ও ভালো কাজ হলেই করবো। শুধু কাজের সংখ্যা বাড়াতে কাজ করতে চাই না।’