ভালোবাসার সম্পর্ক গড়া সহজ। কিন্তু সেই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া অনেক কঠিন। সেই কঠিনরে ভালোবেসে যারা পারিবিারিক সম্মতিতে বিয়ে করেন, তাদের অনেকের মধ্যে বছর না যেতেই শুরু হয়ে যায় মতবিরোধ। দাম্পত্যে ছোট ছোট সমস্যা থেকে বড় বড় অভিমানও তৈরি হয়। সেই থেকে বিচ্ছেদের পথেও হাঁটেন কেউ কেউ। সেজন্য দাম্পত্যে কয়েকটি বিষয় মেনে চললে, সংসার হবে আনন্দের। জেনে নিন সেগুলো কী কী।
থাকুক না কিছুটা দূরত্ব
একজন প্রেমিক-প্রেমিকা বিয়ের বন্ধনে জড়িয়ে গেলে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পান। বেশিরভাগ ক্ষেত্রেই সময় কাটালে সম্পর্ক দৃঢ় হয়। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এক্ষেত্রে বেশি সময় একসঙ্গে থাকলে দেখা দিতে পারে নানা সমস্যা। তাই কিছুটা দূরত্ব বজায় রাখুন।
মিথ্যা নয় সবসময় সত্যি বলুন
যেকোনো বড় সমস্যার সমাধান হলো সত্যি কথা বলা। একটি মিথ্যাকে লুকানোর জন্য প্রয়োজন হবে হাজারটা মিথ্যার। পরে সেই মিথ্যা প্রকাশ হলে তৈরি হয় আরও এক সমস্যা। তাই যত বড় সমস্যাই হোক না কেন, দুজন এক অপরের কাছে লুকাবেন না, সত্যি বলুন, ভালোবেসে পাশে থাকুন।
মোবাইল থেকে দূরে থাকুন
নাগরিক জীবনে বহু দম্পতিই বাড়িতে একসঙ্গে থাকার সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। এটা আজকাল প্রমাণিত যে, আপনি যত বেশি মোবাইল ব্যবহার করবেন, তত আপনাদের মধ্যে সমস্যা বাড়বে। তাই সতর্ক থাকুন। আর মোবাইল চোখ আটকে না রেখে প্রিয় মানুষের চোখে চোখ রাখুন। দাম্পত্যকে উপভোগ করুন।
পরস্পরকে সম্মান করুন
পরস্পরকে সম্মানের দৃষ্টিকোণ দিয়ে দেখলে বহু সমস্যা দূর হয়। তাই যতটা সম্ভব নিজেদেরকে সম্মান করুন। জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যায় ক্লান্ত বা বিষন্ন না হয়ে এক অপরকে ভালোবেসে আগলে রাখুন। দেখবেন বিয়ের পরেও দাম্পত্যে খেলা করবে খুশি আর সুখ।
