যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআঁচড়া ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতা থামছে না। এ ইউনিয়নে সাড়ে ২৮ হাজার ভোটার হলেও জনগণের সংখ্যা ৫০ হাজারেরও বেশি।
এসব জনগণ এখন আতঙ্কে রয়েছে। প্রতি রাতে পরাজিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবীর বকুলের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর অব্যাহত এবং শারীরিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ইলিয়াস কবীর বকুল অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের ভয়ে এখনো ৩০০ পরিবার রয়েছে বাড়িছাড়া। প্রতি রাতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছে দুর্বৃত্তরা। এদের হামলায় এখনো ৫৫টি বাড়িঘর পড়ে আছে মাটিতে। এ পর্যন্ত আহত হয়েছেন নৌকার ১৮০ জন সমর্থক-কর্মী। থানা ও আদালতে সন্ত্রসীদের নামে ১৩টি মামলা হলেও এ পর্যন্ত আটক হয়েছে মাত্র চার জন।
সম্প্রতি এসব সস্ত্রাসী বাগআঁচড়া বাজারে আওয়ামী লীগ অফিসেও বোমা হামলা, গুলি ও ভাঙচুর করেছে। কয়েক জন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবীর বকুল অভিযোগ করে আরো বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) আবদুল খালেক এসব চলমান হামলার নেতৃত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদকের কাছে সহিংস অবস্থার বর্ণনা করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) আবদুল খালেক তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমার কর্মীরা সন্ত্রাসী নয়। আমার শপথের পরদিন থেকে ইলিয়াস কবীর বকুলের বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আমার এক কর্মীকে তারা হত্যা করেছে। তাছাড়া আমার শপথগ্রহণের পর মিষ্টিমুখ করার সময় গুলি চালানোর ঘটনায় চার জন আহত হয়েছে। পরে আমারই ২৬ জন নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।’
এদিকে, বাগআঁচড়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা দেখতে ও জানতে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এসব এলাকা পরিদর্শন করেছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, বাগআঁচড়া বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং চার জনকে আটক করা হয়েছে। এলাকায় দুই পক্ষের মধ্যে কিছু ঘটনা ঘটছে। অভিযোগ এলেই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছি। এলাকা থেকে বোমা হামলার আলামতও উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
