শীতার্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও শিক্ষাসামগ্রী বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোকিত মানুষ '। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্বাস্থ্যবিধি মেনে বিগত বছরগুলোর মতো অসহায় মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় দুঃস্থদের ১২০টি কম্বল এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডাইনিং ও ক্যান্টিনের শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট ডীন অধ্যাপক ড. অলক কুমার পাল , ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন, 'আলোকিত মানুষ' সংগঠনের চীফ মডারেটর অধ্যাপক ড. কে.বি.এম. সাইফুল ইসলাম এবং মডারেটর মীর মোহাম্মদ আলী।
আলোকিত মানুষের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. সোহাগ মিয়া।
এ বছর ধাপে ধাপে মোট ২০০ মানুষের মাঝে কম্বল ও ৫০০ পরিবারের মাঝে কাপড় বিতরণ করবে 'আলোকিত মানুষ' সংগঠনটি।
