খুলনায় সাঈদুর রহমান শাওন নামে এক যুবলীগ নেতাকে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। তবে তাদের ছোড়া গুলি-বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সফল হতে পারেনি তারা। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, রিভলবার এবং ১১ রাউন্ড গুলিসহ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল রবিবার সন্ধ্যায় সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের হাতে আটক হওয়ার পর ঐ যুবক জ্ঞান হারিয়ে ফেলে। তত্ক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নগরীর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওন বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা প্রথমে গুলি করে, পরে তিনটি বিস্ফোরণ ঘটায়। তবে গুলি ও বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। দুইটি মোটরসাইকেলযোগে এসেছিল মুখোশ পরিহিত ছয় সন্ত্রাসী।
তিনি আরও জানান, তার বাবা ও বড় ভাইকেও নির্মমভাবে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এবারের আগেও তাকে হত্যা করতে দুইবার চেষ্টা চালায় সন্ত্রাসীরা।
খালিশপুর থানার এস আই রেজওয়ান আহম্মেদ জানান, রবিবার সন্ধ্যার পর তিনি নগরীর বয়রা এলাকায় ডিউটি করছিলেন। মাগরিবের নামাজের পর পরই একটি ফাঁকা গুলির শব্দে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানকার স্থানীয় জনতা ঐ যুবককে অস্ত্রসহ আটক করে রাখে। পুলিশ দেখে আটক যুবক জ্ঞান হরিয়ে ফেলে। জ্ঞান ফিরলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
