গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদ্রাসার ছাত্রকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকশেষে বিজিবির কাছে তাদের ফেরত দেয় পাঁচ ঘণ্টা পর। এরা হলো উপজেলার আলীহাট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন ও আরমান আলীর ছেলে আরাফাত হোসেন। দুই জনই আলীহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আলম হোসেন জানান, হিলির ঐ মাদ্রাসার দুই ছাত্র করোনার টিকা নিতে চেকপোস্ট এলাকায় আসে। এ সময় তারা সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব-সীমানা পিলারের পাশ দিয়ে ভুল করে ভারত অংশে ঢুকে পড়লে বিএসএফ তাদের ধরে ফেলে। বিজিবি পরে ছাত্রদের পরিবারের কাছে ঘটনাটি জানতে পেরে তাদের ফেরত চেয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে খবর পাঠায়। বিএসএফ ঐ দুই ছাত্র বাংলাদেশি কি না, তার প্রমাণ চায়। এরপর ছাত্রদের জন্মনিবন্ধন সার্টিফিকেটের কপি দেওয়া হলে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিকাল ৫টায় সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ ঐ দুই ছাত্রকে আমাদের কাছে ফেরত দিলে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, গতকাল আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের করোনার টিকা প্রদানের জন্য হিলি স্থলবন্দরের একটি টিকা কেন্দ্রে নেওয়া হয়। টিকা নেওয়ার পর ছাত্রছাত্রীদের বাড়ি ফিরে যেতে বলা হয়; কিন্তু আরাফাত ও রুহুল হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে বেড়াতে যায়। এক পর্যায়ে ভারতের হিলি ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।
হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামীম জানান, এরা শিশু ছাত্র। ভুল করে চলে গিয়েছিল। আমরা সন্ধ্যায় পরিবারের কাছে তাদের হস্তান্তর করেছি।
