কাজিপুর উপজেলা ছাত্রলীগের ৫ নেতাকে অব্যাহতি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১১:৩৫

সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগ নেতাকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ পাঁচ ছাত্রনেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, কাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হাসান, উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপ-স্কুল বিষয়ক সম্পাদক মনির হোসেন ও গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া।

বিজ্ঞপ্তিতে অব্যাহতি প্রাপ্তদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে জানতে সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। 

উল্লেখ্য, ১৫ জানুয়ারি (শনিবার) বিকেলে পূর্বশক্রতার জের ধরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে নিজ গ্রাম গান্দাইলে মারধর করা হয়। ওই দিন রাতেই তার বোন হামিদা খাতুন বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে আরও ৫-৬জনকে আসামি করে মামলা করা হয়। আহত শহীদ সরোয়ার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

ইত্তেফাক/ ইআ