সব নারীই চায় সুন্দর ও দাগহীন মুখ। ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে সবাই চেষ্টা করেন এমন রূপচর্চা করতে, যেন ত্বক উজ্জ্বল দেখায়। কিন্ত বয়স বাড়লে ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দেখা দেয়। যা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। এর মধ্যে একটি হলো ফ্রিকেলস বা মুখে অতিরিক্ত তিলের সমস্যা। এই ফ্রিকেলস হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে দূষণ, রোদে পোড়া বা শারীরিক পরিবর্তন ইত্যাদি। এটি মুখের প্রকৃত উজ্জ্বলতা কেড়ে নেয়।
মুখের অতিরিক্ত কালো তিল দূর করতে অনেকেই রাসায়নিক পদার্থ যুক্ত প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে কোনো রূপ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এ ধরনের কিছু ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। সেজন্য ঘরোয়া পদ্ধতি ব্যবহার করাই তুলনামূলক ভালো। কারণ এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইতিবাচক ফল দেয়। এমন অনেকগুলো ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো নিয়মিত ব্যবহার করলে ফ্রিকেলস নিরাময় হতে পারে।
আমন্ডের পেস্ট
আমন্ড পুষ্টির গুণে ভরপুর, এটি স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলের জন্যও উপকারী। অনেক সময় শুষ্ক ত্বকের কারণে ফ্রিকেলসের সমস্যা দেখা দেয়। ত্বক বেশি শুষ্ক হয়ে গেলে এই সমস্যা শুরু হতে পারে। এজন্য ৫ থেকে ৬টি আমন্ড রাতে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিন। এবার ফেসপ্যাক হিসেবে ত্বকের ওপর লাগিয়ে ১০ থেকে ২০ মিনিট রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সম্ভব হলে প্রতিদিন আমন্ডের তেল ব্যবহার করতে পারেন ত্বকে।
আলুর রস
রূপসচেতন বহু নারীই হয়তো জানেন না, আলু ত্বকের সৌন্দর্য বজায় রাখতে দারুণ কাজ করে। এটি ট্যানিং থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। ফ্রিকেলসের সমস্যা থাকলে আলুর রসে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিয়ে সকালে ও সন্ধ্যায় তুলার প্যাডে স্প্রে করে ত্বককে ওপর ব্যবহার করতে পারেন। এতে উপকার পাবেন।
ফলের খোসা
অনেক ফলই আছে, যেগুলোর খোসা ব্যবহার করলে ফ্রিকেলসের সমস্যা দূর হয়। কমলালেবু ও বেদানার খোসা ব্যবহার করতে পারেন। এজন্য প্রথমে কমলালেবু ও বেদানার খোসাকে রোদে শুকিয়ে নিন। সঙ্গে লেবুর খোসাও যোগ করে শুকানোর পর ভালো করে পিষে নেবেন। এটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করতে হবে।। ত্বকের যত্নের রুটিনে বিভিন্ন উপায়ে এটি ব্যবহার করতে পারেন। এছাড়া ফ্রিকেলসের সমস্যায় আধা চা চামচ এই গুঁড়ার সঙ্গে দেশি ঘি মিশিয়ে সেই পেস্ট মুখে লাগানোর পর ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন, দেখবেন ফ্রিকেলস বা অতিরিক্ত তিল কমতে শুরু করেছে।

