শাবির ঘটনায় ঢাবিতে দফায় দফায় বিক্ষোভ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২১:০১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবির) ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক দফায় বিক্ষোভ হয়েছে। বাম ছাত্রসংগঠনগুলোর পাশাপাশি ছাত্রদলের নেতা-কর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় তারা শাহজালাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমেদকে অপসারণের দাবি জানান।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ফের বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিল বের করে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এই মিছিলে নেতৃত্ব দেন।

বিক্ষোভ শেষে এক সমাবেশে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অযোগ্য, বেহায়া এবং নির্লজ্জ শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দিচ্ছে। এসব শিক্ষকরা ছাত্রদের বিষয়ে চিন্তাও করতে চান না। তারা নিজের আখের গোছাতে চান। যোগ্য শিক্ষক নয়, দলকানা শিক্ষক হওয়াই এখন উপাচার্য হওয়ার একমাত্র যোগ্যতা।

দুপুরের সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ধামাচাপা দেওয়ার জন্য হল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।  কিন্তু যতদিন শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে।

সভাপতির বক্তব্যে ছাত্র ফেডারেশনের (একাংশের) সভাপতি মিতু সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে ছাত্রদের ওপর বর্বরোচিত হামলা চালানোর জন্য ডেকে এনেছে। হামলার পরও তারা আন্দোলন ছেড়ে যায়নি। আমি শাবিপ্রবির শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। 

এসময় আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি সাইদুল হক নিশান,পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা দীপন চাকমা, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি জহর লাল রায়সহ আরও অনেকে।

শাবি উপাচার্যের কুশপুত্তলিকা ঘৃণাস্তম্ভে: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুত্তলিকা ঘৃণাস্তম্ভে স্থাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি গৌতম চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাঈম হাসান হৃদয়, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসটিএম