সমস্যা নিয়েই চলছে পূর্বাঞ্চলের অন্যতম ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতাল। ২০ শয্যার হাসপাতালটিতে আইসিইউ সুবিধা ও প্রয়োজনীয় জনবল না থাকায় মুমূর্ষু রোগীদের যথাযথ সেবা দেওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে হাসপাতাল চত্বরে নেশাগ্রস্তদের উত্পাত চলে। এতে ডাক্তার ও রোগীদের আতঙ্কে থাকতে হয়। ১৯৬৪ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় প্রতিষ্ঠিত হয় বক্ষব্যাধি হাসপাতাল। ১শ’৮ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত ২০ শয্যার হাসপাতালটিতে দুইজন চিকিত্সক, চারজন নার্স, তিনজন ওয়ার্ড বয় রয়েছে। টিবি ছাড়াও এ্যাজমা রোগীদের চিকিত্সা সেবা দেওয়া হয় এখানে। হাসপাতালের নিজস্ব কোনো নিরাপত্তারক্ষী না থাকায় আতঙ্কে দিন কাটছে চিকিত্সকসহ রোগীদের। সন্ধ্যা ঘনিয়ে এলেই গুরুত্বপূর্ণ হাসপাতালটির সীমানা প্রাচীরের ভেতরে জমে উঠে বখাটে ও নেশাগ্রস্তদের উত্পাত। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার ফৌজিয়া জাফরিন জানান, আইসিইউ সুবিধা ও প্রয়োজনীয় জনবল না থাকায় মুমূর্ষু রোগীদের যথাযথ সেবা দেওয়া যাচ্ছে না। তাছাড়া নেশাগ্রস্তদের উত্পাতে সব সময় রোগীসহ চিকিত্সকদের আতঙ্কে থাকতে হয়। সেবার পরিধি বাড়ানোসহ চিকিত্সক ও রোগীদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের।
