শাবি ভিসির পদত্যাগ দাবিতে জাবি ও কুবিতে মানববন্ধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২১:১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে আবার শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

মানববন্ধন চলাকালে ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী আলী হোসাইন বলেন, শিক্ষার্থীদের লাঠিপেটা যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা এমন যে, মন যদি চায় তাহলে পেটানোর জন্য শিক্ষার্থীরা তো আছে। এই পরিস্থিতি বাংলাদেশের ভবিষ্যতের ভয়াবহ চিত্র দেখাচ্ছে। আর শিক্ষার্থীরা আওয়াজ তুললেই ক্যাম্পাস বন্ধ করে দিতে হবে। সব বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একরকম হয় কীভাবে, তা বোধগম্য নয়। 

জাবিতে মানববন্ধন

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, একজন গার্মেন্টস ব্যবসায়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি যেভাবে গার্মেন্টসের শ্রমিকদের হুমকি-ধমকি, লাঠিপেটা করে নিয়ন্ত্রণে রাখতে চান, একইভাবে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করছেন। এমন প্রশাসক দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান চালানোর কোন যোগ্যতা রাখেন না।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসাইন ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের খালিদ মাহমুদ।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুবি শিক্ষার্থীরাও মানববন্ধন করেছেন। আইন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের দাবি জানিয়েছিল। কিন্তু প্রশাসন তা পূরণ না করে তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। শিক্ষাঙ্গনে এই ফ্যাসিবাদের নিন্দা জানিয়ে তারা শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবি করেন। এসময় 'শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদ নিপাত যাক', 'সাস্ট রক্তাক্ত কেন', 'নিরাপদ শিক্ষাঙ্গন চাই' সহ বিভিন্ন প্লাকার্ড ধারণ করেন তারা।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, শাবিপ্রবিতে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমাদের এই মানববন্ধন। আজকে আমাদের মতো শিক্ষার্থীরা হাসপাতালের বেডে। এটা দেখে যদি আমাদের বিবেক জাগ্রত না হয় তাহলে বুঝতে হবে আমাদের বিবেক ঘুমিয়ে রয়েছে।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মুনাওয়ার বলেন, শাবি শিক্ষার্থীদের উপর এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের দাবি না মেনে প্রশাসন  উল্টো হামলা চালিয়েছে। এমন অযোগ্য ব্যক্তি ভিসি থাকতে পারেনা। আমরা তার অপসারণ চাই।

সুনামগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষার্থীরাও শাবির ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। ইত্তেফাকের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নাসিম চৌধুরী, আবু সালেহ, দ্বিপাল ভট্টাচার্য্য,নাঈম আহমেদ শিশির, ইকবাল হোসেন তাজকিরা হক তাজিন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, কিন্তু সন্ত্রাসী কায়দায় পুলিশি হামলা হয়েছে যা খুবই দুঃখজনক।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগসহ তিনদফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওই হলের ছাত্রীরা। আন্দোলন চলাকালে শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। 

হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবিতে ফের আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে গিয়ে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এসটিএম