দড়জায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এরই মধ্যে দলীয়ভাবে অনুশীলন শুরু করে দিয়েছে ফ্রাঞ্জাইজিগুলো। তবে তার আগে থেকেই এককভাবে নিজেকে ঝালিয়ে নেওয়ার কাজ কিছুটা সেরে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এই মাসের শুরুর দিকে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। এরপরই বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলতে সিলেটে পাড়ি জমান। লক্ষ্য বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করা। কিন্তু মাত্র দুই ম্যাচ খেলেই ঢাকায় ফিরে আসেন। হয়তো ম্যাচ খেলেও নিজের প্রস্তুতিতে সন্তুষ্ট হতে পারছিলেন না। তাইতো সবাই যখন সিলেটে বিসিএল খেলায় ব্যস্ত, তখন ঢাকায় ফিরে মিরপুরে একাই অনুশীলনে নেমে পড়েন সাকিব। সেটা জারি ছিল মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিপিএলের বায়োবাবলে ঢোকার আগ পর্যন্ত।
এবার ফরচুল বরিশালের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। তার দলে রয়েছে ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল ও মুজিব উর রহমানের মতো তারকা ক্রিকেটার। তবে সাকিব যেন নিজেকে আলাদাভাবে চেনাতে চান। টুর্নামেন্টটির ইতিহাসের সেরা খেলোয়াড়ও যে তিনিই। তাছাড়া দীর্ঘদিন ধরে নিয়মিত খেলার মাঝে নেই। তাইতো গত কয়েকদিন ধরে বিসিবির স্থানীয় কোচ নাজমুল আবেদিন ফাহিমের তত্বাবধানে পাওয়ার হিটিং নিয়ে বিশেষভাবে কাজ করেছেন।
এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘দলীয়ভাবে অনুশীলন শুরু হওয়ার আগেই সাকিবের সঙ্গে কিছু কাজ করেছিলাম, বিগ হিটিং (পাওয়ার হিটিং) নিয়ে। আজ (১৮ জানুয়ারি) সেন্টার উইকেটে সে যখন ব্যাট করলো, দেখলাম বেশ কিছু বল অনেক ডিসটেন্স কাভার করেছে। যা আগে সেভাবে আমরা দেখিনি। সবমিলিয়ে ব্যাটে-বলে ভালোই হচ্ছে।’
তিনি বলেন, ‘আরও দুই-তিনদিন এভাবে ব্যাটিং করলে সে এগুলোতে আরও ধারাবাহিক হতে পারবে। সাকিবের বড় শট খেলাটা খুব জরুরি। সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওপরের দিকেও ব্যাটিং করে। ও বড় শট খেললে দলের জন্য দারুণ ব্যাপার হবে।’
