নগরকান্দায় জমি লিখে না দেওয়ায় পিতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩

নগরকান্দায় পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে। শুক্রবার সকালে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রামনগর গ্রামের হারুন চৌধুরীর ছেলে মিলন চৌধুরী দীর্ঘদিন যাবত্ পিতার নিকট তার নামে জমি লিখে দিতে দাবি করে আসছিল। পিতা অন্য সন্তানদের ঠকিয়ে একজনকে জমি দিতে কোনো মতেই রাজি হয়নি। এতে পুত্র মিলন ক্ষিপ্ত হয়। শুক্রবার সকালে হারুন চৌধুরী (৬৫) বসতঘর থেকে বের হলে পিছন থেকে পুত্র মিলন লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। এতে হারুন চৌধুরী ঘটনাস্থলে মারা যান। এ সময় হালিমা বেগম স্বামী হারুনকে ছেলের মারপিট থেকে বাঁচাতে আসলে তাকেও মারপিট করে আহত করে।

হারুন চৌধুরীর ভাই নুরু চৌধুরী বলেন, মিলনের নামে বাড়ির জমি লিখে না দেওয়ায় ওর পিতাকে পিটিয়ে হত্যা করেছে।

মিলনের বড় বোন সাহানা বেগম জানান, আমরা দুই ভাই তিন বোন। মিলন দুই বছর আগে আমার বড় ভাই লিটন চৌধুরীকে মারপিট করে। লিটন সেই আক্রোশে বাড়ি থেকে অন্যত্র চলে গেছে। আজও আমরা তাকে খুঁজে পাইনি।

থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে মিলন আত্মগোপন করেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।