ফরিদপুরে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৩:৪৪

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিদেশী অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গত রাতে শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় খায়রুজ্জামান ওরফে রিজবী শেখের (২১) বাড়িতে তল্লাশি করে বিদেশি ৭ দশমিক ৬৫ আগ্নেয়াস্ত্র (পিস্তল) ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় রিজবীকে গ্রেফতার করা হয়।

অপর ঘটনায় কোমরপুর এলাকায় খোকন খানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ির ভেতর থেকে ৬ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের দুইটি মামলা রয়েছে।

ইত্তেফাক/এমআর