'কৃষি সাংবাদিকতায় কৃষিবিদদের এগিয়ে আসতে হবে'

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২১:৩৫

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, কৃষি ও কৃষকের স্বার্থে কৃষিবিদদের ভূমিকা অপরিসীম। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষিকে এগিয়ে নিতে কৃষি সাংবাদিকতার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। কৃষি সাংবাদিকতার বৃহৎ ক্ষেত্রে সাংবাদিকদের পরিমাণ খুবই কম। কৃষি বিষয়ক সঠিক তথ্য প্রচারে কৃষি সাংবাদিকতায় কৃষিবিদদের এগিয়ে আসতে হবে।  

বুধবার (১৯ জানুয়ারি) পিআইবি'র উদ্যোগে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

জাফর ওয়াজেদ আরও বলেন, 'আমাদের প্রত্যশা তোমাদের নিয়ে, তোমাদের মত কৃষিবিদদের নিয়ে। যারা একাধারে কৃষিবিদ আবার সাংবাদিক। আমরা আশা করি তোমরা দেশের স্বার্থে, দেশের কৃষির স্বার্থে অনবদ্য ভূমিকা রাখবে এবং দেশের কৃষি ব্যবস্থাকে আরও এগিয়ে নিবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে.বি.এম. সাইফুল ইসলাম।

সোমবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে শুরু হয় এ প্রশিক্ষণ। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মানসম্পন্ন প্রতিবেদন লেখা ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলার জন্য এতে নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়। সংবাদের ধারণা, সূচনা ও সংবাদ লিখার কৌশলসহ সাংবাদিকতার মৌলিক বিষয় শেখানো হয়।

ইত্তেফাক/এসটিএম