সুপারস্টার নেই পারফরমার আছে সিলেটে

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৩:১২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই বিসিবি একাডেমি মাঠটা জনারণ্য। দিনভর সবেধন নীলমণি একটি মাঠে পালাক্রমে চলে দলগুলোর অনুশীলন। একগুঁয়ে দৃশ্যের বাইরে যেতে এবং হয়তো করোনার সতর্কতা হিসেবে গতকাল (১৯ জানুয়ারি) একাডেমি মাঠে পা মাড়ায়নি ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের নিজস্ব একাডেমিতে অনুশীলন করেছে বরিশাল দল।

তবে একাডেমি মাঠে বাকি পাঁচটি দল বুধবার অনুশীলন সেরেছে। ইমরুল কায়েসকে অধিনায়ক ঘোষণা করেছে দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রায় প্রতিটি আসরেই সিলেট বিভাগের দল যেন জোড়াতালির হয়ে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। তারকা ভরপুর নয় সিলেট সানরাইজার্সের দল। সিলেটের নির্ভরযোগ্য ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত বুধবার অনুশীলনের পর বলেছেন, দলটাতে সুপারস্টার না থাকলেও পারফরমার আছে।

লেগ স্পিনার জুবায়ের হোসেনের সেলফিতে মোসাদ্দেক হোসেন

সিলেটের দলটা নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘আমার দলে হয়তো সুপারস্টার নেই, কিন্তু আমাদের যারা আছে তারা সবাই ঘরোয়া ক্রিকেটের পারফরমার। তাই সবাই নিজের দিনে ভালো খেললে ভালো একটা ফল আশা করা যায়।’

দেশীয়দের মধ্যে তাসকিন, মিঠুন, বিজয়, আল-আমিন হোসেন, নাজমুল অপু, মুক্তার আলি, অলক কাপালিরা আছেন সিলেট দলে। বিদেশিদের মধ্যে লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামস, রবি বোপারা, কলিন ইনগ্রামরা খেলবেন। এদের নিয়েই বিপিএলে জমাট লড়াই করার আশা করছেন মোসাদ্দেক।

এদিকে, নেতৃত্বের প্রশ্নে এবারও ইমরুলের ওপরই আস্থা রেখেছে কুমিল্লা। বিপিএলে আসার পর থেকে টানা সব আসরেই এই দলে খেলেছেন বাঁহাতি এ ওপেনার। সর্বশেষ আসরে তার অধিনায়কত্বেই ট্রফি জিতেছিল কুমিল্লা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক স্টিভ রোডস ও অধিনায়ক ইমরুল কায়েস

অষ্টম আসরেও শক্তিশালী দল গঠন করেছে সাবেক চ্যাম্পিয়নরা। দেশি-বিদেশি মিলিয়ে তারায় ভরা দল। ইমরুল বলছেন, নামে নয়, মাঠে খেলে প্রমাণ করতে হবে কুমিল্লা ভালো দল। বুধবার অভিজ্ঞ এ ক্রিকেটার বলেছেন, ‘টি-২০ ক্রিকেটে প্রতিটা দলই ভালো। কেউ বলতে পারবে না যে আমরা কম ভালো দল। এখন জিনিসটা হচ্ছে মাঠে ক্রিকেট ভালো খেলতে হবে। আসলে নাম দিয়ে ক্রিকেট হয় না। যদিও আমাদের দলে অনেক বড় বড় নাম আছে। কিন্তু আমাদের সেটা মাঠে খেলে প্রমাণ করতে হবে। তখন বোঝা যাবে আমরা কত ভালো দল।’

কুমিল্লার হয়ে এবার খেলবেন ফাফ ডু প্লেসিস। দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার ইতিমধ্যে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন ইমরুলদের সঙ্গে। কুমিল্লার অধিনায়ক বলেন, ‘সে (ডু প্লেসিস) অনেক বড় তারকা, বিশেষত টি-২০ তে। ডু প্লেসিস তার অভিজ্ঞতা শেয়ার করেছে যে আইপিএলে বা অন্য টুর্নামেন্টগুলোতে কীভাবে ব্যাট করে। আমি তাকে বললাম আমাদের দেশের উইকেট কন্ডিশন কেমন, উইকেটগুলো কেমন থাকে। আমাদের টিমের প্ল্যান কী হওয়া উচিত। যেহেতু অনেক অভিজ্ঞ, মাঠে ওর সাহায্যটা দরকার।’

ইত্তেফাক/টিএ