খুলনাকে শিরোপা জেতানোই মুশফিকের লক্ষ্য

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:৫৯

এবারের বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খুলনা টাইগার্সকে নিয়ে খুব কমই আলোচনা হচ্ছে। দলটিতে নেই তেমন বড় কোনো তারকা। তবু এ নিয়ে মাথা ঘামাতে রাজি নন দক্ষিণাঞ্চলের দলটির সবচেয়ে বড় বিজ্ঞাপন অধিনায়ক মুশফিকুর রহিম। তার লক্ষ্য আপাতত শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা এবং খুলনাকে প্রথমবারের মতো শিরোপা জেতানো।

আগামীকাল শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স। তার আগে আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির অধিনায়ক মুশফিক।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি সত্যিই অনেক চ্যালেঞ্জিং। আর বিপিএল এই ফরম্যাটে আমাদের সবচেয়ে বড় লিগ। বিশ্বজুড়ে টুর্নামেন্টটির একটা সুনাম আছে। এখানে মানসম্পন্ন ক্রিকেট হয়। মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারও খেলে থাকে। ফলে একটা চ্যালেঞ্জ তো থাকেই।’

মিরপুরে অনুশীলনের ফাঁকে আড্ডায় খুলনার মুশফিক ও ঢাকার মাশরাফি। ছবি: ইত্তেফাক

মুশফিকুর রহিম বলেন, ‘যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে চায়, আমরাও চাই ইনশাআল্লাহ। শুরুটা খুব গুরুত্বপূর্ণ। কাল (২১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার চেষ্টা করবো। চেষ্টা থাকবে একটা শিরোপা যেন জিততে পারি। আশা করি সেটা যেন এ বছরই হয়।’

চলতি বছর আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। যেখানে সরাসরি অংশ নেবে বাংলাদেশ। তাই সেই দলে সুযোগ পেতে তরুণদের প্রমাণের জন্য বিপিএলকে বড় মঞ্চ হিসেবে দেখছেন মুশফিক। তিনি বলেন, ‘এটা সবার জন্য বড় সুযোগ। বিশেষ করে স্থানীয় ও তরুণদের জন্য। সামনে বিশ্বকাপসহ অনেক খেলা আছে, কোভিড পরিস্থিতিও আগের মত ভালো নেই। তবু যে খেলার সুযোগ ও পরিবেশ পাচ্ছি, সেটা অনেক বড় বিষয়।’

ইত্তেফাক/টিএ