নিখোঁজের ২দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৮:৪৮

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে কাজলি (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামের ঝিকমারি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। কাজলি ওই গ্রামের কাউছারের কন্যা।

পুলিশ ও কাজলির পিতা জানায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় কাজলি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল বুধবার কাজলির পিতা নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রামপুলিশ আতিউল্লাহ ঝিকমারি খালে কাজলির মরদেহ ভাসতে দেখে পরিবার ও থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাজলির পিতা বলেন, ‘আমার তো কারো সঙ্গে শত্রুতা নাই। কে বা কারা আমার শিশু কন্যাকে মারলো কিছু তো বুঝতে পাইতাছি না।’

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না অন্য কোন কিছুর কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর বলা যাবে। তবে কাজলির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

ইত্তেফাক/এমআর