জগন্নাথপুরে বিউবোর বকেয়া বিদ্যুত্ বিল পৌনে সাত কোটি টাকা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৫

জগন্নাথপুর উপজেলায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ড বিউবো’র ছয় কোটি ৮৬ লাখ ৯শ ৫৮ টাকা বকেয়া বিদ্যুত্ বিল আদায়ে শিগগিরই অভিযানে নামছেন বিদ্যুত্ কর্তৃপক্ষ। ইতোমধ্যে বকেয়া বিল পরিশোধে গ্রাহকদের চূড়ান্ত নোটিস দেওয়া হয়েছে। গ্রাহকদের বিল প্রদানে কোনো সারা না থাকায় উপজেলা আবাসিক প্রকৌশলী বিদ্যুত্ বিভাগ কর্তৃক অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিউবোর জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জানান, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড বিউবো ১৯৮৬ সালে জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। বর্তমানে উপজেলায় গ্রাহক সংখ্যা ১৯ হাজার। দীর্ঘদিন ধরে বিদ্যুতের বকেয়া বিল রয়েছে ছয় কোটি ৮৬ লাখ ৯৫৮ টাকা। এর মধ্যে আবাসিক গ্রাহকদের কাছে তিন কোটি ২৪ লাখ ১৯ হাজার ৩৮৮ টাকা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এক কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৩৪৩ টাকাসহ অন্যান্য খাতে বকেয়া বিদ্যুত্ বিল রয়েছে। বিল পরিশোধে বকেয়া গ্রাহকদের ইতোমধ্যে নোটিস দেওয়া হয়েছে। সময়মতো বিল পরিশোধে ব্যর্থ হলে অভিযান শুরু হবে তিনি জানান।