গফরগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

গফরগাঁওয়ে পপি আক্তার নামে (১৭) এক মাদ্রাসা ছাত্রী ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত পপি আক্তার পৌর শহরের শিলাসী দপ্তরী বাড়ি এলাকার সবুজ মিয়ার মেয়ে। প্রতিবেশী ও নিহতের পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, পপি আক্তার গত বছর শহরের নিশাই সরকার দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়। আগামী শুক্রবার তার বিয়ের সম্ভাব্য তারিখ ছিল। শুক্রবার বিকালে মার্কেটে যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। কিন্তু মার্কেটে না গিয়ে শিলাসী রেলপাড় এলাকায় আত্মহত্যা করে সে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেয় সে। এ সময় তার দেহ টুকরো টুকরো হয়ে যায়। তার সঙ্গে পরিচয়পত্র ছিল। চলন্ত ট্রেনে ঝাঁপ দেওয়ার আগে সে মোবাইল ফোনে কথা বলছিল ।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ গিয়েছে।