সিলেট নগরীতে সুপার শপে আগুন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

শহরের তালতলায় চেইন সুপার শপ বিগবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভোরে হঠাত্ করে সুপার শপটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখে স্থানীয়রা পার্শ্ববর্তী দমকল বাহিনীকে খবর দেয়। সুপার শপটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য উপরের হোটেল সুফিয়াতে আগুন ছড়ায়নি। দমকল বাহিনী সিলেটের স্টেশন অফিসার শিমুল আহমদ জানান, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়তে পারত আবাসিক হোটেলে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।