নালিতাবাড়ী পৌর শহরের অদূরে কালিনগর এলাকায় নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের দুদুয়ার খালের ওপর নির্মাণাধীন ডাইভারসন বেইলি ব্রিজ দিয়ে গতকাল বালুভর্তি ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়ে। এতে শেরপুর জেলা শহরের সঙ্গে উপজেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিজ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। আটকে আছে বহু যানবাহন।
এলাকাবাসী ও ওই ওয়ার্ডের কমিশনার বাদশা মিয়া জানান, শুক্রবার বালুভর্তি একটি ট্রাক নির্দেশনা অমান্য করে ডাইভারসন সড়কের বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এরপর থেকেই এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শেরপুরের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ জানান, এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ওই ট্রাকের ড্রাইভার তা মানেনি। আমরা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে খুব দ্রুততম সময়ের মধ্যেই বেইলি ব্রিজটি সংস্কারের চেষ্টা করব। এমনকি নতুন করে ডাইভারসন সড়ক ও ব্রিজ তৈরি করতে হতে পারে। এজন্য কমপক্ষে ৮/১০ দিনের মতো সময় লাগতে পারে।
