বিগত এক দশকের বেশি সময় ধরে বিশ্বের সেরা তিনটি দলের মধ্যে একটি ভারত। হোক সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট, সব ফরম্যাটেই দাপট দেখাচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে বিশেষ করে এশিয়ার বাইরে বলে-কয়ে টেস্ট ম্যাচ এবং সিরিজ জিতছে টিম ইন্ডিয়া। সেই তারাই কি না এবার দক্ষিণ আফ্রিকায় গিয়ে টানা দুটো সিরিজ হেরে বসেছে!
বর্তমান দক্ষিণ আফ্রিকা দলটি তারুণ্যে ভরপুর। আগের মতো অতটা শক্তিশালীও নয়। তবে ধীরে ধীরে উন্নতি করছে দলটি। বিশেষ করে ঘরের মাঠে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তবে সিরিজ শুরু হওয়ার আগে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের পক্ষেই বাজি ধরেছিল অধিকাংশ লোক। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ম্যাচটিও বেশ দাপটের সঙ্গে জিতে নেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। কিন্তু এর পরই ঘটে ছন্দপতন।
প্রথমে জোহানেসবার্গ ও পরে কেপটাউন, টানা দুটো টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে ভারতের অধিনায়কত্ব করছেন লোকেশ রাহুল। কিন্তু ফরম্যাট ও অধিনায়ক বদলালেও বদলায়নি সফরকারীদের ভাগ্য। প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়া শিবির। এর মধ্যে শুক্রবার (২১ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডে বেশ দাপটের সঙ্গে জিতেছে তারা।
এদিকে, ভারতের এমন পরাজয়ের পেছনে দলটির অতি আত্মবিশ্বাসকেই দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ইমরান তাহির। বর্তমানে লিজেন্ড ক্রিকেট লিগ খেলতে ওমানে অবস্থান করছেন এই স্পিনার। সেখান থেকেই বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান তাহির বলেন, ‘আমি কাউকে বিচার করছি না, তবে ভারতীয় দলটি অনেক ভালো। দক্ষিণ আফ্রিকার এই দলটি কেবল উন্নতি করছে এবং ভারত তাদের পড়তে ভুল করেছে। তারা অতি আত্মবিশ্বাসী ছিল যে, সহজেই প্রোটিয়াদের হারাতে পারবে। ভারতের পরাজয়ের এটাই প্রধান কারণ।’
তিনি বলেন, ‘বিগত ৪-৫ বছর ধরে ওয়ানডে ও টেস্টে ক্রিকেটে বিশ্বে দাপট দেখাচ্ছে ভারত। তবে এই প্রোটিয়া দলটি বেশ ভালো খেলেছে এবং হোম কন্ডিশনের সুবিধা নিয়ে জয় তুলে নিয়েছে।’
